কণ্ঠের উচ্চতা বনাম কথার শক্তি

Share

করপোরেট জগতে আমরা প্রায়ই এমন কিছু মানুষের দেখা পাই, যারা অফিসে, মিটিংয়ে কিংবা সহকর্মীদের সঙ্গে আলোচনায় খুব উচ্চস্বরে কথা বলেন। তাঁরা মনে করেন, জোরে কথা বলা, কণ্ঠের উচ্চতা বাড়ানো কিংবা অন্যের কথার মাঝখানে নিজের মতামত প্রতিষ্ঠা করাই হয়তো ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও নেতৃত্বের বহিঃপ্রকাশ। অনেক সময় তাঁদের বক্তব্যের যৌক্তিকতা বা তথ্যের ভিত্তি কতটুকু, সেটি বিবেচনার বিষয় হয়ে ওঠে না। বরং কে কত জোরে কথা বলতে পারছেন, কে আলোচনায় কত বেশি প্রভাব বিস্তার করতে পারছেন, সেটিই যেন মুখ্য হয়ে দাঁড়ায়।
কিন্তু প্রশ্ন হচ্ছে, উচ্চকণ্ঠ কি কখনো উচ্চমানের চিন্তার প্রতিফলন হতে পারে? জোরে কথা বললেই কি কোনো বক্তব্য শক্তিশালী হয়ে যায়? নিশ্চয়ই নয়।

আমাদের মনে রাখা উচিত, কণ্ঠের শক্তি আর কথার শক্তি এক বিষয় নয়।

একজন মানুষের প্রকৃত পেশাদারিত্ব প্রকাশ পায় তাঁর চিন্তার গভীরতায়, বক্তব্যের যৌক্তিকতায়, তথ্যের নির্ভুলতায় এবং পরিস্থিতি অনুযায়ী নিজের মতামত প্রকাশের দক্ষতায়। একটি বক্তব্য তখনই শক্তিশালী হয়, যখন তার পেছনে থাকে পর্যাপ্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা, বিশ্লেষণ, যুক্তি এবং গ্রহণযোগ্যতা। সেখানে কণ্ঠের উচ্চতা নয়, বক্তব্যের মেধা ও সারবত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

একজন জ্ঞানী ও আত্মবিশ্বাসী মানুষ সাধারণত নিজের বক্তব্য প্রতিষ্ঠার জন্য কণ্ঠের উচ্চতা বাড়ানোর প্রয়োজন অনুভব করেন না। তিনি জানেন, কী বলতে হবে, কেন বলতে হবে এবং কীভাবে বলতে হবে। তিনি অন্যের কথা মনোযোগ দিয়ে শোনেন, ভিন্নমতকে সম্মান করেন এবং প্রয়োজন হলে নিজের মতামত পরিবর্তন করতেও দ্বিধা করেন না। কারণ তিনি বোঝেন, মতের অমিল মানেই বিরোধিতা নয়, বরং এটি নতুন কিছু শেখার সুযোগ।

অন্যদিকে, যারা প্রায়ই উচ্চস্বরে কথা বলে নিজেদের মতামত প্রতিষ্ঠা করতে চান, তাঁদের আচরণ অনেক সময় কর্মপরিবেশে অস্বস্তি, ভীতি ও অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করে। সহকর্মীরা তাঁদের সামনে নিজেদের মতামত প্রকাশে সংকোচ বোধ করেন। ফলে একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদÑমুক্ত চিন্তা, সৃজনশীলতা এবং গঠনমূলক আলোচনাÑধীরে ধীরে বাধাগ্রস্ত হয়।

বিশেষ করে নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিদের জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। একজন লিডার কখনো তাঁর অধীনস্থদের ওপর কণ্ঠের জোরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন না। বরং তিনি তাঁর জ্ঞান, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, আচরণ, ন্যায়বোধ এবং পেশাদারিত্ব দিয়ে গ্রহণযোগ্যতা তৈরি করেন। তাঁর কথা মানুষ শোনে ভয়ের কারণে নয়, বরং তাঁর কথার মূল্য ও বিশ্বাসযোগ্যতার কারণে।

এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজনÑশান্তভাবে কথা বলা মানে দুর্বল হওয়া নয়। বিনয়ী হওয়া মানে নিজের অবস্থান থেকে সরে আসা নয়। বরং নিজের বক্তব্যকে দৃঢ়ভাবে, স্পষ্টভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারাই প্রকৃত ব্যক্তিত্বের পরিচয়। প্রয়োজনে কঠিন সিদ্ধান্তের পক্ষে দাঁড়ানো, ভুলের প্রতিবাদ করা কিংবা ভিন্নমত প্রকাশ করা অবশ্যই প্রয়োজন। তবে সেটি হতে হবে যুক্তি ও পেশাদারিত্বের ভিত্তিতে, আক্রমণাত্মক আচরণ বা উচ্চকণ্ঠের মাধ্যমে নয়।

করপোরেট সংস্কৃতিতে আমাদের এমন একটি পরিবেশ গড়ে তোলা প্রয়োজন, যেখানে সবচেয়ে জোরে কথা বলা মানুষটি নয়, বরং সবচেয়ে যুক্তিসংগত, তথ্যসমৃদ্ধ ও বাস্তবসম্মত কথা বলা মানুষটিই গুরুত্ব পাবেন। যেখানে পদমর্যাদা কিংবা কণ্ঠের উচ্চতা নয়, বরং জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও কাজের মান দিয়ে একজন মানুষের গ্রহণযোগ্যতা নির্ধারিত হবে।

আমরা যেন ভুলে না যাই, একটি ভালো বক্তব্যের জন্য মাইক্রোফোনের ভলিউম বাড়ানোর প্রয়োজন হয় না। প্রয়োজন হয় চিন্তার গভীরতা, তথ্যের ভিত্তি এবং যুক্তির শক্তি।

শেষ পর্যন্ত, মানুষ আপনার কণ্ঠ কতটা উঁচু ছিল, তা মনে রাখে না; মনে রাখে আপনার কথার মধ্যে কতটা সত্য, যুক্তি, জ্ঞান এবং গ্রহণযোগ্যতা ছিল।

তাই আসুন, আমরা কণ্ঠের উচ্চতা বাড়ানোর প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে কথার মান, চিন্তার গভীরতা এবং যুক্তির শক্তি বাড়ানোর চর্চা করি। মনে রাখতে হবে “Raise your voice.” আর Volume of Your Voice এক কথা নয়। তাই আমারা বলতেই পারি “Raise the Power of Your Words, Not the Volume of Your Voice.”

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে নতুন পরিচালক এম. ফখরুল ইসলাম

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এম. ফখরুল ইসলাম।...

রিহ্যাবের পরিচালক পদে নির্বাচিত হলেন তাসনোভা মাহবুব সালাম

রিহ্যাবের পরিচালক পদে নির্বাচিত হয়েছেন টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম। শনিবার দিবাগত...

Related Articles

অধিকারে সোচ্চার, দায়িত্বে নির্বিকার

কর্পোরেট জগতে আমরা অনেকেই আমদের অধিকারের বিষয়ে যতটা সোচ্চার, ঠিক ততোটাই বা...

করপোরেট মবিং: বসের চেয়ার নড়ানোর নীরব রাজনীতি

আমরা যারা কর্পোরেট জগতের মানুষ, তাদের একটি দিনের সিংহভাগ সময় অফিসেই কাটাতে...

<