আবাসন সংবাদ

আজ আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের নির্বাচন

রিহ্যাবের স্মরণকালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে বিবেচনা করছেন আবাসন ব্যবসায়ীরা। মোট ২৯টি পদে সবগুলোতেই সরাসরি ভোট হবে।

Share
Share

আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে রিহ্যাবের স্মরণকালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে বিবেচনা করছেন আবাসন ব্যবসায়ীরা। মোট ২৯টি পদে সবগুলোতেই সরাসরি ভোট হবে।

রিহ্যাব সূত্রে জানা গেছে, প্রেসিন্ডেট পদে তিনটি প্যানেল ছাড়াও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ৬ ভাইস প্রেসিডেন্ট ও ১৯ পরিচালক পদেও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বিভিন্ন পদে ৭৭ জন আবাসন ব্যবসায়ী এ নির্বাচনে লড়ছেন। এবারের নির্বাচনে ভোটার হয়েছেন ৬৭৪ জন। এর মধ্যে ঢাকার ৬১৩ জন ও চট্টগ্রামের ৬১ জন।

বর্তমান প্রেসিডেন্ট জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ এবং গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান ড. আলী আফজালের নেতৃত্বে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ পূর্ণাঙ্গ প্যানেলে লড়ছে। ক্যাপিটাল ল্যান্ড ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের সাবেক প্রেসিডেন্ট মোকাররম হোসেন খানের নেতৃত্বে জাগরণ প্যানেল থেকে লড়ছেন ১৩ জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন ইঞ্জিনিয়ার মো. আবুল খায়ের সেলিম। তাছাড়া পরিচালক পদেও ৩ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

রিহ্যাব সদস্যরা জানান, আগের নির্বাচনগুলোতে ব্যবসায়ীদের মধ্যে এত আগ্রহ দেখা যায়নি। তবে এবারের নির্বাচনে টানটান উত্তেজনা বিরাজ করছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রিহ্যাব গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তন করবে বলে জানান তারা। এরইমধ্যে বেশ কিছু নির্বাচনের বিষয় নিয়ে আপত্তি তুলেছেন প্রার্থীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল, জাগরণ ও স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থী এক যৌথ সংবাদ সম্মেলন করেন।

যেখানে প্রার্থী অথবা পোলিং এজেন্টকে ভোটগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রে থাকার ব্যবস্থা, ভোটাররা ব্যালট নেওয়ার সময় স্বাক্ষর ও টিপসইয়ের ব্যবস্থা, ভোট কাস্টিং শেষ হলে ভোট ব্যালট বইয়ের মুড়ি এজেন্ট ও কমিশনারের স্বাক্ষর করা ও এজেন্টদের টিক দেওয়া সংখ্যা মিলে কাস্টিং ভোট নির্ধারণ, গণনা শেষ করে রেজাল্ট শিট-এ ইলেকশন কমিশন এবং উপস্থিত এজেন্টদের স্বাক্ষর করা, ভোট কেন্দ্রে সব জায়গায় সিসি ক্যামেরার ব্যবস্থা, ভোট গণনার পর ব্যালট সংরক্ষণ করাসহ নানা দাবি জানান।

গতকাল শুক্রবার সকালে সংশ্লিষ্টদের নিয়ে সভা করে এ বিষয়টি সমাধান করা হয়েছে। প্রার্থীদের সব দাবি মেনে আজ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রিহ্যাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এবং দুজন প্রেসিডেন্ট প্রার্থী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানতে চাইলে রিহ্যাব নির্বাচন বোর্ডের (২০২৬-২৮) চেয়ারম্যান মো. জহিরুল হক ভূঁইয়া বলেন, প্রার্থীদের অভিযোগগুলো সমাধান করেছি। শুক্রবার সকালে তাদের সবাইকে নিয়ে বৈঠক আহ্বান করেছিলাম, সেখানে সাময়িক ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আমরা সবাইকে নিয়ে সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচনের প্রত্যাশা করছি।

প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ থেকে প্রেসিডেন্ট প্রার্থী ড. আলী আফজাল বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। যেই নির্বাচিত হোন, যাতে ভোটের মাধ্যমে হয়। আমরা ভোট ছাড়া ভিন্ন উপায়ে কাউকে নির্বাচিত হতে দেব না। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা লাগে আমরা তা জানিয়েছি। আশা করি নির্বাচন সুষ্ঠু হলে রিহ্যাবের জয় হবে। যেই নেতৃত্বে আসুন, আমরা সবাই মিলে রিহ্যাবের উন্নয়নে কাজ করব। নির্বাচন বোর্ড আমাদের সেই প্রতিশ্রুতি দিয়েছে।

জাগরণ প্যানেল থেকে প্রেসিডেন্ট প্রার্থী মোকাররম হোসেন খান বলেন, নির্বাচন নিয়ে কিছু বিষয়ে ধোঁয়াশা ছিল। সুষ্ঠু ভোটের জন্য আমাদের কিছু প্রস্তাব ছিল। যে কারণে গত বৃহস্পতিবার রিহ্যাবে গিয়ে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ চেয়েছি। কিন্তু সেখানে কাউকে পাচ্ছিলাম না। তাই আমরা সংবাদ সম্মেলনে যেতে বাধ্য হই। এরপর শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৈঠক করে নির্বাচন পরিচালনা বোর্ড আমাদের যৌক্তিক পরামর্শ গ্রহণ করেছে। সুষ্ঠু নির্বাচনের আশ^াস দিয়েছে।

পর্যবেক্ষক পাঠাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়
রিহ্যাব নির্বাচনে করতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি পর্যবেক্ষক টিম থাকবে। বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে এ দলে মন্ত্রণালয়ের উপ-সচিব সামিয়া ইয়াসমীন ও ফিরোজ আল মামুন রয়েছেন। গত বৃহস্পতিবার ৫ সদস্যের একটি তালিকা মন্ত্রণালয় থেকে রিহ্যাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়।

আবাসন ব্যবসায়ীরা বলছেন, অতীতেও রিহ্যাবের নির্বাচন উৎসবমুখর হতো। ফ্যাসিবাদী সরকারের আমলে ২০১৪ সালে ভোট ছাড়াই সংগঠনটির সভাপতি হন আলমগীর শামসুল আলামিন। পরের তিন মেয়াদেও সমঝোতার ভিত্তিতে কমিটি হয়। সব মিলিয়ে ১০ বছর ভোট ছাড়াই কমিটি হয়েছে। ২০২৪ সালে ভোট ফিরে এলে সভাপতি নির্বাচিত হন জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামান। তিনি এবার আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল লিডার ও প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন। ছয় ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থীরা হলেন লিয়াকত আলী ভূঁইয়া, মোহাম্মদ আক্তার বিশ্বাস, মো. জাহাঙ্গীর আলম, মো. মহসিন মিয়া, শেখ মো. শোয়েব উদ্দীন ও মোহাম্মদ মোরশেদুল হাসান। এই প্যানেলের পরিচালক পদে তরুণ ব্যবসায়ীদের পাশাপাশি দুজন নারী আবাসন ব্যবসায়ীও রয়েছেন।

আলাপকালে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রার্থী লিয়াকত আলী ভূঁইয়া জানান, রিহ্যাব সদস্যরা গতবার যেভাবে তাদের ওপর আস্থা রেখেছিলেন, এবারও সেই আস্থা রাখবেন। কারণ গত দুই বছরে সদস্যদের কল্যাণে তারা কাজ করেছেন।

তিনি বলেন, অন্যান্য কাজের পাশাপাশি আমার রিহ্যাবের ভবন করার উদ্যোগ নিয়েছি। বিশ^ব্যাংকে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে। আশা করি আমরা নির্বাচিত হলে আগামী শীত মৌসুমে ভবন নির্মাণের কাজ শুরু করতে পারব।

গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান ড. আলী আফজালের নেতৃত্বে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ গঠন করা হয়েছে। গত নির্বাচনে বিজয়ী চারজন এই প্যানেলে প্রার্থী হয়েছেন। এই প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন আবদুর রাজ্জাক, মো. শেখ সাদি, আবু খালেদ মো. বরকতুল্লাহ, এ এফ এম ওবায়দুল্লাহ, মো. হারুন অর রশীদ ও নূর উদ্দিন আহমেদ।

ড. আলী আফজাল বলেন, ড্যাপের মাধ্যমে বৈষম্য করা হয়েছে। মিরপুর হলে উচ্চতা কম, আবার গুলশান-বনানী হলে উচ্চতা বেশি। এক শহর, এক নীতি হতে হবে। মতিঝিলে যদি ৪০ তলা করা যায়, তাহলে অন্য এলাকায় কেন করা যাবে না? আমরা দায়িত্ব পেলে পুরো ড্যাপ বিশ্লেষণ করে সরকারকে বোঝাব। ৬ মাসের মধ্যে এর একটা ফল নিয়ে আসব। ব্যাংকঋণের সুদ সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার চেষ্টার করব। আমরা ৯০ দিনের মধ্যে রিহ্যাব ভবন নির্মাণের কাজ শুরু করব। রিহ্যাব সেন্টার হবে। যেখানে পরিবার-পরিজনের জন্য বিনোদনসহ নানা সুবিধা থাকবে। প্রতিমাসে আয়-ব্যয়ের হিসাবসহ বুলেটিন প্রকাশ করব, যা সব সদস্যের হাতে পৌঁছে যাবে। রিহ্যাব সার্ভিস সেন্টার করব। এই সেন্টার ২৪ ঘণ্টা, ৩৬৫ দিন খোলা থাকবে। গভীর রাতেও কেউ সমস্যায় পড়লে সেখানে আমাদের লোক ছুটে যাবে।

জাগরণ প্যানেল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন ক্যাপিটাল ল্যান্ড ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের সাবেক সভাপতি মোকাররম হোসেন খান। এই প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন আবদুল লতিফ, এ এম মহিব উদ্দীন, এস এম জাহিদুল ইসলাম, মো. রেজাউল করিম খান ও মো. শাহদাৎ হোসেন। এ ছাড়া পরিচালক পদে তাদের প্রার্থী রয়েছেন সাতজন।

মোকাররম হোসেন খান বলেন, রিহ্যাবের সবচেয়ে বড় বিষয় হলো স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। আমরা জয়ী হলে এটি নিশ্চিত করব। শক্তিশালী বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন্দ্র গড়ব। রিহ্যাবকে ডিজিটালাইজেশন করব। ড্যাপ সংশোধনেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। ভূমিকম্প সহনশীলতার জন্য ভবনগুলো রেক্টোফিটিং করতে রিহ্যাব সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারে। আমরা নির্বাচিত হলে এ নিয়ে কাজ করব। আমাদের লক্ষ্য রিহ্যাবের সুনাম ফিরিয়ে আনা।

Share

Don't Miss

সংকট সমাধানে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট এ্যান্ড...

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

Related Articles

বিএফআইইউ’র সঙ্গে রিহ্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ এবং বাংলাদেশ...

REP Forum-এর ৮ সদস্যের কমিটি গঠন

রিয়েল এস্টেট খাতের পেশাজীবীদের সমন্বয়ে গঠিত REP Forum (রিয়েল এস্টেট প্রোফেশনালস ফোরাম)-এর...

জাঁকজমকপূর্ণ আয়োজনে জ্যামস গ্রুপের ১৯ বছরে পদার্পণ

দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জ্যামস গ্রুপ (Jams Group) ১৮ বছর...

আধুনিক আবাসনের নান্দনিকতায় দেশীয় টাইলসের বিপ্লব

রাজধানীর অভিজাত এলাকাগুলোতে একের পর এক মাথা উঁচু করে দাঁড়াচ্ছে আধুনিক কন্ডোমিনিয়াম...

<