আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পরপরই স্বল্পমূল্যে আবাসন ও কৃষিজমি রক্ষার অঙ্গীকার ব্যাক্ত করেছেন।
সদ্য বিদায়ী প্রেসিডেন্ট মো: ওয়াহিদুজ্জামান ও বিদায়ী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করেন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত নেতারা আবাসন খাতের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন। তারা বিশেষভাবে কৃষিজমি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, অপরিকল্পিত নগরায়ণের ফলে কৃষিজমি দ্রুত হ্রাস পাচ্ছে, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। তাই ভবিষ্যৎ পরিকল্পনায় কৃষিজমি নষ্ট না করে টেকসই ও পরিকল্পিত নগরায়ণের দিকে গুরুত্ব দেয়া হবে বলে তারা জানান।

এ ছাড়া ঢাকার আশপাশে প্রায় ৪৫ লাখ টাকার মধ্যে ছোট আকারের ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনার কথাও জানান তারা। এই উদ্যোগের মাধ্যমে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ জানান, উঁচু ভবন নির্মাণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারের নীতিগত সহায়তার মাধ্যমে নির্মাণ ব্যয় কমানোর চেষ্টা করা হবে।
তারা আরো বলেন, আবাসন খাতে দীর্ঘদিন ধরে বিদ্যমান বিভিন্ন সমস্যা যেমন উচ্চ নিবন্ধন ব্যয়, ব্যাংক ঋণের সীমাবদ্ধতা এবং প্রকল্প অনুমোদনের জটিলতা সমাধানে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করা হবে। একইসাথে পরিবেশবান্ধব ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে সকল স্টেকহোল্ডারের সহযোগিতা কামনা করেন তারা।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, তাদের পরিকল্পনা বাস্তবায়িত হলে একদিকে কৃষিজমি রক্ষা পাবে, অন্যদিকে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বোর্ড সভায় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আকতার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো: বরকতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম উবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো: হারুন অর রশিদ এবং চট্টগ্রাম রিজিয়নের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোরশেদুল হাসানসহ অন্যান্য পরিচালকবৃন্দ।
গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে ৭ জন অফিস বেয়ারার ও ২২ জন পরিচালক নির্বাচিত হন। আপিল কার্যক্রম শেষে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নির্বাচন বোর্ড চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। বোর্ড সভায় নির্বাচিত পরিচালকদের মধ্যে মুহাম্মদ লাবিব বিল্লাহ, উম্মে জাহান আরজু, হাবিবুর রহমান হাবিব, এজেডএম কামরুদ্দিন, ক্যাপ্টেন মো: শাহ আলম, মো: খাজা নাজিবুল্লাহ চৌধুরী, শেখ কামাল, মো: এমদাদুল হোসেন সোহেল, ড. এন জোহা, অধ্যাপক মো: ফারুক আহমদ, তাসনোভা মাহবুব সালাম, মো: জহির আহমেদ, মো: জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মো: মোস্তফা কামাল, মো: এমদাদুল হক, মো: মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সুরুজ সরদার, আলহাজ্ব গোলাম কিবরিয়া মজুমদার, এএসএম আব্দুল গফফার মিয়াজী এবং সারিস্ত বিনতে নুর উপস্থিত ছিলেন।