আবাসন সংবাদ
রিহ্যাব আবাসন মেলা: ফ্ল্যাটের মতো প্লটও বিক্রি হচ্ছে বেশ
একে একে রিহ্যাবের আবাসন মেলার চার দিন হয়ে গেল। এই কদিনে মেলায় অংশ নেওয়া বেশ কিছু প্রতিষ্ঠানের ফ্ল্যাট বিক্রি হয়েছে। পাশাপাশি জমি বা প্লটও বিক্রি হচ্ছে। কাল শুক্রবার মেলার শেষ দিনে বিক্রি বাড়বে—এমন প্রত্যাশা আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের।
সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় আজ বৃহস্পতিবার দিনের প্রথমার্ধে মেলা প্রাঙ্গণে ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে বিকেল থেকেই লোকসমাগম বেড়ে যায়। শেষ দিনে কালও সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত টিকিট কেটে মেলায় প্রবেশ করা যাবে। মেলায় ১৭০টি স্টল রয়েছে। তার মধ্যে ১৫০টি আবাসন প্রতিষ্ঠানগুলোর।
জানতে চাইলে রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ‘দুই বছর পর আবাসন মেলা হচ্ছে। ফলে ক্রেতা–দর্শনার্থীদের উপস্থিতি ভালো। বিক্রিবাট্টাও হচ্ছে।’ আবাসন খাত ঘুরে দাঁড়াবে কি না প্রশ্ন করা হলে লিয়াকত আলী ভূঁইয়া বলেন, মেলার কারণে বিক্রি কিছুটা বাড়বে। তবে ড্যাপ সংশোধন না হওয়া পর্যন্ত আবাসন খাতের ব্যবসার সামগ্রিকভাবে উন্নতি হবে না।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাপান অর্থনৈতিক অঞ্চলের বিপরীত পাশে সাড়ে ৬ হাজার বিঘা জমির ওপর প্লট প্রকল্প গড়ে তুলেছে প্রবাসী পল্লী গ্রুপ। ২০১১ সালে শুরু হওয়া এই প্রকল্পের প্রথম ধাপে আড়াই হাজার বিঘা জমির ভূমি উন্নয়নকাজের অর্ধেক সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে ৫০০ প্লট হস্তান্তর হয়েছে। প্রকল্পের দ্বিতীয় ধাপে ৪ হাজার বিঘা জমিতে বালু ভরাটের কাজ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে ৩, ৫ ও ১০ কাঠার প্লট আছে। কাঠাপ্রতি দাম ৮ লাখ থেকে ২০ লাখ টাকা। মেলায় বুকিং দিলে ১০-২০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।
এসব তথ্য দিয়ে প্রবাসী পল্লী গ্রুপের উপমহাব্যবস্থাপক মো. রাশেদুল ইসলাম বলেন, ‘আমরা দেড় দশক ধরে ব্যবসা করছি। আশা করছি, বিক্রি আরও বাড়বে। মেলায় এখন পর্যন্ত ৪টি প্লট বুকিং হয়েছে।’ জমি কেনা নিয়ে সাধারণ ক্রেতাদের বিভিন্ন ভোগান্তি প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা নির্ধারিত সময়ের মধ্যে প্লট হস্তান্তর করেছি। প্রকল্পের প্রথম ধাপে ২০১১ সালে প্রতি কাঠা আড়াই থেকে তিন লাখ টাকায় বিক্রি করেছি। এখন সেই জমির দাম বেড়ে ৩০ লাখ টাকা হয়ে গেছে।’
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে হাজী ক্যাম্প-সংলগ্ন দক্ষিণখানের কাওলায় ১ হাজার একর জমির ওপর গড়ে উঠছে আশিয়ান সিটি। এখানে ৩, ৫ ও ১০ কাঠা আয়তনের প্লট আছে। কাঠাপ্রতি দাম ৩০ লাখ থেকে ৮০ লাখ টাকা। প্রকল্পটিতে এখনই বাড়ি করার উপযোগী রেডি প্লট আছে। মেলায় বুকিং দিলে গ্রাহকদের অ্যাপলের ম্যাকবুক দেওয়া হয়। পাশাপাশি ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় রয়েছে।
আশিয়ান গ্রুপের মহাব্যবস্থাপক সৈয়দ শফিকুল ইসলাম বলেন, আশিয়ান সিটির এ ও বি ব্লকের রাস্তাঘাট সম্পূর্ণ প্রস্তুত। সেখানে চাইলে এখনই ভবন নির্মাণ করা যাবে। সেখানকার প্লট বুকিংয়ে ৩০ শতাংশ অর্থ দিতে হয় বলে জানান তিনি।
এশিয়ান টাউন ডেভেলপমেন্ট তিনটি প্রকল্প বাস্তবায়ন করছে। এগুলো হচ্ছে—এশিয়ান ডুপ্লেক্স টাউন, পূর্বাচল এশিয়ান টাউন ও এশিয়ান শান্তি নিবাস। এগুলোর মধ্যে ২৩৭ বিঘার এশিয়ান ডুপ্লেক্স টাউন ও ১ হাজার ৭০০ বিঘার পূর্বাচল এশিয়ান টাউন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ১৮০ ফুট এশিয়ান হাইওয়ের পাশে অবস্থিত। আর ১ হাজার ৫৩০ বিঘার এশিয়ান শান্তি নিবাসের অবস্থান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা রেলস্টেশন-সংলগ্ন স্থানে।
পূর্বাচল এশিয়ান টাউনে ৩, ৫ ও ১০ কাঠার প্লট আছে। কাঠাপ্রতি দাম ১৮ লাখ থেকে ৩৫ লাখ টাকা। অন্যদিকে মাওয়ায় এশিয়ান শান্তি নিবাসে ২.৫, ৩.৫ ও ১০ কাঠার প্লট আছে। কাঠাপ্রতি দাম ১৫ লাখ থেকে ২৫ লাখ টাকা। ২০২৮ সালে প্রকল্প দুটি হস্তান্তর করা হবে বলে জানালেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক সাকিব হোসেন।
এক প্রশ্নের জবাবে সাকিব হোসেন দাবি করেন, শান্তি নিবাসের ৮০ শতাংশ এবং রূপগঞ্জের প্রকল্পের ৬০-৭০ শতাংশ জমি তাঁদের কেনা। তিনি আরও বলেন, গ্রাহকেরা ৩৬ কিস্তিতে প্লট কিনতে পারবেন। সে ক্ষেত্রে বুকিংয়ে ৩০ শতাংশ অর্থ দিতে হবে। মেলায় ইতিমধ্যে কয়েকটি প্লট বিক্রির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আবাসন সংবাদ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন জাকারিয়া তাহের। তার মন্ত্রী হওয়ার খবরে কুমিল্লা শহর ও নির্বাচনি এলাকা বরুড়ায় আনন্দের বন্যা বইছে।
জাকারিয়া তাহের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে উপ-নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
জাকারিয়া তাহের বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত একেএম আবু তাহের একই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর স্থানীয় রাজনীতির হাল ধরে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জাকারিয়া তাহের (সুমন)। যুক্তরাষ্ট্র থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস ম্যানেজমেন্ট সম্পন্ন করা জাকারিয়া তাহের ১৯৬৫ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যবধানে বিজয়ী হয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ২৪ হাজার ৮৭টি। কুমিল্লা-৮ আসনে মোট ভোটারসংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৮৩৩। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ৮০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন; যা প্রদত্ত ভোটের ৫৯ দশমিক ৫৬ শতাংশ।
হলফনামার তথ্য অনুযায়ী, জাকারিয়া তাহেরের স্থাবর ও অস্থাবর মিলিয়ে বর্তমানে সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকার। অন্যদিকে তার স্ত্রী নাজনীন আহমেদের স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পদের পরিমাণ ৬০ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৫৬০ টাকার।
আবাসন সংবাদ
রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক ধরে রাজশাহীর রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবীণ নেতা মিজানুর রহমান মিনু পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন মিজানুর রহমান মিনুসহ ২৫ জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর রহমান মিনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।
মঙ্গলবার বিকেলে পিআইডির আয়োজনে নগরীর লক্ষ্মীপুর মোড়ে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয় শপথ অনুষ্ঠান। শপথের পরপরই আনন্দে ফেটে পড়েন সাধারণ জনতা। দলমত নির্বিশেষে রাজশাহীর সর্বস্তরের মানুষ এতে উচ্ছ্বাস প্রকাশ করেন।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘দীর্ঘদিন পর রাজশাহী থেকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়া গেছে। এটি রাজশাহীর জন্য বেশ আনন্দের। আমরা চাই, তার মাধ্যমে রাজশাহীতে দলের চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তা তিনি বাস্তবায়ন করবেন।’
মন্ত্রী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিজানুর রহমান মিনু বলেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্ব তো বটেই, রাজশাহীর জন্যও নিরলসভাবে কাজ করে যাব। আমি এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব।’
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মিনু ঘোষণা দিয়েছেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ‘গত ১৭ বছরে রাজশাহীকে পিছিয়ে দেয়া হয়েছে। আবারও সামনের দিকে এগিয়ে নিতে যা করার প্রয়োজন, সেটাই করা হবে।’
মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র নির্বাচিত হয়ে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন মিজানুর রহমান মিনু। ২০০১ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। ২০২৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো সংসদে যাচ্ছেন এবং প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান করে নিলেন। রাজশাহীতে বিএনপির রাজনীতিতে মিনুর অভিভাবকত্ব প্রায় আড়াই দশকের। যুবদল নেতা থাকাকালে মেয়র এবং পরবর্তীকালে দীর্ঘ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালনের পর সবশেষ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ পান তিনি।
উল্লেখ্য, ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে (তৎকালীন রাজশাহী-১ আসন) এমরান আলী সরকার জয়ী হন। তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ও আবদুস সাত্তারের মন্ত্রিসভায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।
-
বিবিধ2 years agoবাংলাদেশে প্রচলিত বাড়ি ভাড়ার চুক্তি, নিয়ম ও নীতিমালা
-
নির্বাচিত প্রতিবেদন2 years agoরিয়েল এস্টেট ব্যবসা করবেন যেভাবে
-
আবাসন সংবাদ6 months agoরাজউকের নির্দেশে নর্থ সাউথ গ্রীন সিটি বন্ধ
-
আইন-কানুন2 years agoরিয়েল এস্টেট ডেভেলপারের সাথে জমি বা ফ্ল্যাট নিয়ে সমস্যা ও তার প্রতিকার (১ম পর্ব)
-
আইন-কানুন6 months agoদলিলে লেখা এসব শব্দের অর্থ জেনে রাখুন, নাহলে পড়তে পারেন আইনি জটিলতায়
-
বিবিধ2 years agoফ্ল্যাট বা অফিস ভাড়ার চুক্তিপত্র নমুনা
-
আবাসন ক্যারিয়ার2 years agoসিরামিক ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে জানতে হবে যে বিষয়গুলো
-
আবাসন সংবাদ6 months agoসীমান্ত রিয়েল এস্টেট এর অনুমোদনহীন সীমান্ত সিটি ও সীমান্ত কান্ট্রি প্রকল্প
