আবাসন সংবাদ
দেশের প্রথম ‘পরিবেশবান্ধব’ এলইইডি আবাসিক প্রকল্প
প্রায় এক হাজার ৮০ কোটি টাকায় রাজধানীতে দেশের প্রথম ‘পরিবেশবান্ধব’ আবাসিক প্রকল্প তৈরি করতে যাচ্ছে অন্যতম শীর্ষ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান অনন্ত গ্রুপ।
‘অনন্ত টেরেসেস’ প্রকল্পটি হবে দেশের আবাসিক খাতে প্রথম এলইইডি (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন) প্লাটিনাম-সনদপ্রাপ্ত গেটেড কমিউনিটি। এই স্বীকৃতি আসে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে।
অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির বলেন, ‘প্রকল্পের আওতায় নয়টি ২১তলা টাওয়ার তৈরি করা হবে।’
এলইইডি-প্রত্যয়িত বাড়িগুলোর নকশা এমনভাবে করা হয় যাতে ঘরে পর্যাপ্ত আলো-বাতাস আসে। স্বাচ্ছন্দ্য ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়।
এসব আবাসিক ভবনে পানি-বিদ্যুতের ব্যবহার কম হওয়ায় ইউটিলিটি বিল কম আসে।
বাংলাদেশে বেশ কয়েকটি বাণিজ্যিক ভবন এলইইডি সনদ পেয়েছে।
বিশ্ববিদ্যালয় জীবনে এমন ধারণা মাথায় আসে উল্লেখ করে শরীফ জহির বলেন, ‘আমি উন্নত দেশগুলোয় গেটেড কমিউনিটি দেখেছি। যেহেতু দেশে মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে ও অর্থনীতি বিকশিত হয়েছে, তাই এ ধরনের ফ্ল্যাটের চাহিদা আছে।’ আগামী তিন বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘নির্মাণ সামগ্রীর দাম ক্রমাগত বাড়তে থাকায় প্রকল্পের খরচ এক হাজার ৪০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।’
‘অনন্ত টেরেসেস’ বাস্তবায়নে অনন্ত রিয়েল এস্টেট লিমিটেডকে ৫০০ কোটি টাকার সিন্ডিকেটেড টার্ম সুবিধার ব্যবস্থা করেছে নয় দেশি ব্যাংক।
প্রকল্পের প্রধান অর্থ যোগানদাতা ও এজেন্ট ঢাকা ব্যাংক ১০০ কোটি টাকা দেবে।
বাকি আট ব্যাংক থেকে ৪০০ কোটি টাকা নেওয়া হবে। ব্যাংকগুলো হলো—আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনআরবি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
ঢাকা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সিন্ডিকেশনস অ্যান্ড স্ট্রাকচার্ড ফাইন্যান্স মনিরুল আলম বলেন, ‘মূলত নির্মাতার অবস্থান ও খ্যাতি কারণে এই প্রকল্পে অর্থায়ন করছি।’
প্রকল্পটি বাণিজ্যিকভাবে লাভজনক হবে বলে আশা করেন তিনি।
রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে ৪৩ বিঘা জমির ওপর এই প্রকল্পে আন্তর্জাতিক পরামর্শকদের নিয়োগ করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এটি হবে ঢাকার সবচেয়ে বড় কনডোমিনিয়াম প্রকল্প।’
গুলশান-২ এর দুই কিলোমিটারের মধ্যে ও বারিধারা কূটনৈতিক এলাকার কাছাকাছি মাদানী অ্যাভিনিউয়ে দ্রুতগতিতে আবাসন হচ্ছে। ইতোমধ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্যার জন উইলসন স্কুল, শেফস টেবিল কোর্টসাইড, ইউনাইটেড সিটি ও জলসিঁড়ি আবাসনসহ অনেক বড় প্রতিষ্ঠান আছে।
এখানে আরও অনেক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ও পাইপলাইনে আছে।
‘এই দৃষ্টিকোণ থেকে প্রকল্পটি গ্রাহকদের জন্য লাভজনক হবে’ বলেও মন্তব্য করেন তিনি।
বারিধারার কাছে হলেও অভিজাত এলাকাটির তুলনায় মাদানী অ্যাভিনিউয়ে ফ্ল্যাটের দাম অনেক কম হবে জানিয়ে তিনি বলেন, ‘এই প্রকল্পের ৬৪ শতাংশ জায়গা সবুজ থাকবে।’
এখানে শপিং মল, রিটেইল স্টোর, অভিজাত খাবারের দোকান, সুপারমার্কেট ও মাল্টিপ্লেক্স মুভি থিয়েটার থাকবে।
একটি মূল্যায়নের কথা উল্লেখ করে মনিরুল আলম বলেন, ‘প্রকল্প শেষ হওয়ার আগেই ফ্ল্যাটগুলোর বুকিং নেওয়া হবে। ইতোমধ্যে ১৬টি অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে। এখানে ঋণের টাকা বিনিয়োগ নিরাপদ ও লাভজনক হবে।’
ঋণের মেয়াদ সর্বোচ্চ সাত বছর হবে বলে জানান তিনি।
‘বড় প্রকল্পের জন্য বিস্তৃত জমির প্রয়োজন। গুলশান ও বারিধারায় এত বড় জমি পাওয়া যায় না। তাই আমরা মাদানী এভিনিউ বেছে নিয়েছি। আমরা বাসিন্দাদের বিশ্বমানের আবাসিক সুবিধা দেওয়ার জন্য প্রকল্পটি ডিজাইন করেছি,’ বলেন শরীফ জহির।
তার মতে, বারিধারা ও গুলশানের তুলনায় মাদানী অ্যাভিনিউয়ে ফ্ল্যাটের দাম প্রতি বর্গফুটে অন্তত ১০ হাজার টাকা কম হবে।
বাংলাদেশে এলইইডি সনদ মূলত তৈরি পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট। দেশে এখন ২০৭টি পরিবেশবান্ধব পোশাক কারখানা আছে।
আবাসন সংবাদ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন জাকারিয়া তাহের। তার মন্ত্রী হওয়ার খবরে কুমিল্লা শহর ও নির্বাচনি এলাকা বরুড়ায় আনন্দের বন্যা বইছে।
জাকারিয়া তাহের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে উপ-নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
জাকারিয়া তাহের বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত একেএম আবু তাহের একই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর স্থানীয় রাজনীতির হাল ধরে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জাকারিয়া তাহের (সুমন)। যুক্তরাষ্ট্র থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস ম্যানেজমেন্ট সম্পন্ন করা জাকারিয়া তাহের ১৯৬৫ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যবধানে বিজয়ী হয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ২৪ হাজার ৮৭টি। কুমিল্লা-৮ আসনে মোট ভোটারসংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৮৩৩। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ৮০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন; যা প্রদত্ত ভোটের ৫৯ দশমিক ৫৬ শতাংশ।
হলফনামার তথ্য অনুযায়ী, জাকারিয়া তাহেরের স্থাবর ও অস্থাবর মিলিয়ে বর্তমানে সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকার। অন্যদিকে তার স্ত্রী নাজনীন আহমেদের স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পদের পরিমাণ ৬০ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৫৬০ টাকার।
আবাসন সংবাদ
রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক ধরে রাজশাহীর রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবীণ নেতা মিজানুর রহমান মিনু পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন মিজানুর রহমান মিনুসহ ২৫ জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর রহমান মিনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।
মঙ্গলবার বিকেলে পিআইডির আয়োজনে নগরীর লক্ষ্মীপুর মোড়ে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয় শপথ অনুষ্ঠান। শপথের পরপরই আনন্দে ফেটে পড়েন সাধারণ জনতা। দলমত নির্বিশেষে রাজশাহীর সর্বস্তরের মানুষ এতে উচ্ছ্বাস প্রকাশ করেন।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘দীর্ঘদিন পর রাজশাহী থেকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়া গেছে। এটি রাজশাহীর জন্য বেশ আনন্দের। আমরা চাই, তার মাধ্যমে রাজশাহীতে দলের চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তা তিনি বাস্তবায়ন করবেন।’
মন্ত্রী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিজানুর রহমান মিনু বলেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্ব তো বটেই, রাজশাহীর জন্যও নিরলসভাবে কাজ করে যাব। আমি এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব।’
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মিনু ঘোষণা দিয়েছেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ‘গত ১৭ বছরে রাজশাহীকে পিছিয়ে দেয়া হয়েছে। আবারও সামনের দিকে এগিয়ে নিতে যা করার প্রয়োজন, সেটাই করা হবে।’
মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র নির্বাচিত হয়ে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন মিজানুর রহমান মিনু। ২০০১ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। ২০২৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো সংসদে যাচ্ছেন এবং প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান করে নিলেন। রাজশাহীতে বিএনপির রাজনীতিতে মিনুর অভিভাবকত্ব প্রায় আড়াই দশকের। যুবদল নেতা থাকাকালে মেয়র এবং পরবর্তীকালে দীর্ঘ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালনের পর সবশেষ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ পান তিনি।
উল্লেখ্য, ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে (তৎকালীন রাজশাহী-১ আসন) এমরান আলী সরকার জয়ী হন। তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ও আবদুস সাত্তারের মন্ত্রিসভায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।
-
বিবিধ2 years agoবাংলাদেশে প্রচলিত বাড়ি ভাড়ার চুক্তি, নিয়ম ও নীতিমালা
-
নির্বাচিত প্রতিবেদন2 years agoরিয়েল এস্টেট ব্যবসা করবেন যেভাবে
-
আবাসন সংবাদ6 months agoরাজউকের নির্দেশে নর্থ সাউথ গ্রীন সিটি বন্ধ
-
আইন-কানুন2 years agoরিয়েল এস্টেট ডেভেলপারের সাথে জমি বা ফ্ল্যাট নিয়ে সমস্যা ও তার প্রতিকার (১ম পর্ব)
-
আইন-কানুন6 months agoদলিলে লেখা এসব শব্দের অর্থ জেনে রাখুন, নাহলে পড়তে পারেন আইনি জটিলতায়
-
বিবিধ2 years agoফ্ল্যাট বা অফিস ভাড়ার চুক্তিপত্র নমুনা
-
আবাসন ক্যারিয়ার2 years agoসিরামিক ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে জানতে হবে যে বিষয়গুলো
-
আবাসন সংবাদ6 months agoসীমান্ত রিয়েল এস্টেট এর অনুমোদনহীন সীমান্ত সিটি ও সীমান্ত কান্ট্রি প্রকল্প
