আবাসন সংবাদ
রাজউকের নির্দেশে নর্থ সাউথ গ্রীন সিটি বন্ধ
রাজধানীসংলগ্ন রূপগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর—যেখানেই হাত দিয়েছে ‘নর্থ সাউথ গ্রুপ’, সেখানেই জমি দখল, ভয়ভীতি আর প্রতারণার বিস্তৃত অভিযোগ। এবার সেই বহুল আলোচিত ‘নর্থ সাউথ গ্রীন সিটি’ প্রকল্প রাজউকের চিঠিতে বন্ধ ঘোষণা হওয়ায় মুখ থুবড়ে পড়েছে সাধারণ মানুষের স্বপ্ন। লাখ লাখ টাকা জমা রেখে কিংবা মাসের পর মাস কিস্তি শোধ করার পর শত শত পরিবার এখন বুঝতে পারছে—সবই ছিল ভুয়া অনুমোদনের গল্প এবং কোটি কোটি টাকার ভাগাভাগির খেলা।
রাজউকের নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত স্মারক নং: ২৫.৩৬.০০০০.০৩৮.০৪.০০৩.২৪-৬৪৩, তারিখ ১৭ জুন ২০২৫—এর চিঠিতে উল্লেখ করা হয়, ‘পূর্বাচল নর্থ সাউথ গ্রীন সিটি’ প্রকল্প কোনো বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। পাশাপাশি জলাধার ও কৃষিজমি অবৈধভাবে বালু ভরাট করে প্রকল্প গড়ে তোলা হয়েছে, যা প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০, রিয়েল এস্টেট আইনের একাধিক ধারা এবং সংশোধিত ভূমি উন্নয়ন বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।
রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, অফিস পরিচালনার লাইসেন্স আর প্রকল্প অনুমোদন এক নয়। এটি কোনোদিনই অনুমোদন পাবে না। আমরা বন্ধের নির্দেশ দিয়েছি, কেউ যেন প্রতারিত না হয়।
ভুয়া অনুমোদনের ফাঁদ
ভুক্তভোগী এক ক্রেতা বলেন, রাজউকের অনুমোদন আছে বলে আমাদের কাছে একটি অফিস অনুমোদনের কাগজ দেখিয়ে প্লট বিক্রি করেছে। প্রকল্পের কোনো অনুমোদন নেই—এখন বুঝতে পারছি।
নগর পরিকল্পনাবিদ এ কে এম সলিমুল্লাহ জানান, অফিস পরিচালনার অনুমোদন কখনো প্রকল্প অনুমোদন নয়। রাজউকের বন্ধ ঘোষণার পর এখন কেউ বিনিয়োগ করলে ক্ষতির দায় পুরোপুরি তারই।
জমি দখল ও ভয়ভীতির অভিযোগ
রূপগঞ্জের ভুলতা, শান্তিনগর, কইরাবো, শোনাবো, মিরকিচা, মাছিপুর—প্রতিটি এলাকায় জমির মালিকদের অভিযোগ একই রকম। তাদের ভাষায়, বায়না করে বছরের পর বছর জমি দখল করে রাখে, রেজিস্ট্রেশন দেয় না, টাকা চাইলে মামলা-হুমকি দেয়।
এছাড়া গাজীপুরে ‘ইন্ডাস্ট্রিয়াল সিটি’ প্রকল্প হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জলাশয় ভরাট করে চলছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বারবার বন্ধ করলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রকল্পটি আবার শুরু হয়েছে।
সামরিক পরিচয় ও চাকচিক্য
সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য প্রতিষ্ঠানটি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমানকে সিইও করা হয়। তবে প্রকল্প বন্ধ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, আমি কোম্পানির মালিক নই, শুধু চাকরি করি। কিছু বলার নেই।
কোটি টাকার ভাগাভাগি ও নতুন কোম্পানি
প্রতিষ্ঠানের সাবেক সিআর প্রধান ফাহমিদা জানান, এরা কোটি কোটি টাকা ক্রেতাদের কাছ থেকে তোলে, মালিকরা নিজেরা ভাগাভাগি করে। টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলার কারণে মাত্র তিন বছরেই পরিচালক ওমর ফারুক প্রায় ২০ কোটি টাকা নিয়ে কোম্পানি ছেড়ে ‘জেনারেল গ্রুপ’ নামে নতুন কোম্পানি খুলেছে।
ব্লক এ’র শত শত গ্রাহকের সর্বনাশ
রূপগঞ্জের গ্রীন সিটির এ ব্লক-এ প্লট কিনেছেন হাজারো পরিবার। প্রতি কাটা জমির দাম ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার টাকা, কেউ কেউ ৫-৮ লাখ টাকা দিয়ে এককালীন পরিশোধ করেছেন। নিয়মিত কিস্তি দেওয়ার পরও এক-দুই কিস্তি বাদ পড়লে প্লট বাতিল দেখানো হচ্ছে।
সাবেক কর্মকর্তা ফাহমিদা জানান, প্লট তো দেবেই না, টাকা ফেরত চাইলে বলবে বন্ধ হয়ে গেছে। অফিস আর গাড়ির চাকচিক্য আর টিভি বিজ্ঞাপন দিয়ে মানুষের জীবন শেষ করছে।
এমডির বিতর্কিত মন্তব্য
নর্থ সাউথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এম ইউসুফ বলেন, রাজউক টাকা খাওয়ার ধান্দায় চিঠি দিয়েছে। আমরা টাকা দেইনি তাই বন্ধের নির্দেশ। রাজউকের কথায় কি প্রজেক্ট বন্ধ হয়! বলে ফোন কেটে দেন।
বিশেষজ্ঞদের মতামত
পরিবেশবিদ ড. শামসুল আলম খন্দকার বলেন, এভাবে অন্যের জমি ভরাট করে প্রকল্প বানানো অবৈধ। রাজউক বন্ধ করেছে—যারা টাকা বিনিয়োগ করেছেন তাদের টাকা ফেরত নেওয়ার এখনই সময়।
ব্যারিস্টার এস টি এম হুমায়ুন আহমেদ বলেন, নর্থ সাউথ গ্রুপের সব প্রকল্পই একে একে বন্ধ হচ্ছে। এরা নতুন ফাঁদ পাতছে, তাই কেউ আর বিনিয়োগ করবেন না।
সাবেক বিচারপতি জাফর ইকবাল হোসেন জানান, রাজউক মামলা সংক্রান্ত নথিপত্র দিলে শিগগিরই রাষ্ট্রীয়ভাবে তদন্ত করে নর্থ সাউথ গ্রুপের সব অবৈধ প্রকল্প রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।
বিদেশ গমনে নিষেধাজ্ঞার দাবি
আইন-শৃঙ্খলা বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত কোম্পানির চেয়ারম্যান থেকে শুরু করে সব পরিচালক যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তাদের বিদেশ যাত্রা নিষিদ্ধ করা না হলে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে স্থায়ী হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ক্রেতাদের কান্না
প্রবাসীদের কষ্টের টাকা থেকে শুরু করে কৃষিজমি বিক্রি করে অনেকেই কোটি কোটি টাকা ঢেলেছেন। এখন সেই পরিবারগুলো পথে বসার উপক্রম। ভুক্তভোগীরা বলেন, রাজউক অনুমোদন আছে বলে প্লট কিনেছি। এখন বুঝি সবই নাটক! মুখে বললে হবে না, রাষ্ট্রকে আমাদের টাকা ফেরত দিতে হবে।
সতর্কবার্তা
বন্ধ ঘোষিত প্রকল্পে নতুন করে বিনিয়োগ না করার জন্য সবাইকে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। অফিস লাইসেন্স কোনো প্রকল্প অনুমোদন নয়। প্রতারণার শিকার হলে আইনজীবীর শরণাপন্ন হয়ে টাকা ফেরত আনার চেষ্টা করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবাসন সংবাদ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন জাকারিয়া তাহের। তার মন্ত্রী হওয়ার খবরে কুমিল্লা শহর ও নির্বাচনি এলাকা বরুড়ায় আনন্দের বন্যা বইছে।
জাকারিয়া তাহের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে উপ-নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
জাকারিয়া তাহের বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত একেএম আবু তাহের একই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর স্থানীয় রাজনীতির হাল ধরে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জাকারিয়া তাহের (সুমন)। যুক্তরাষ্ট্র থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস ম্যানেজমেন্ট সম্পন্ন করা জাকারিয়া তাহের ১৯৬৫ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যবধানে বিজয়ী হয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ২৪ হাজার ৮৭টি। কুমিল্লা-৮ আসনে মোট ভোটারসংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৮৩৩। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ৮০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন; যা প্রদত্ত ভোটের ৫৯ দশমিক ৫৬ শতাংশ।
হলফনামার তথ্য অনুযায়ী, জাকারিয়া তাহেরের স্থাবর ও অস্থাবর মিলিয়ে বর্তমানে সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকার। অন্যদিকে তার স্ত্রী নাজনীন আহমেদের স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পদের পরিমাণ ৬০ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৫৬০ টাকার।
আবাসন সংবাদ
রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক ধরে রাজশাহীর রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবীণ নেতা মিজানুর রহমান মিনু পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন মিজানুর রহমান মিনুসহ ২৫ জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর রহমান মিনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।
মঙ্গলবার বিকেলে পিআইডির আয়োজনে নগরীর লক্ষ্মীপুর মোড়ে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয় শপথ অনুষ্ঠান। শপথের পরপরই আনন্দে ফেটে পড়েন সাধারণ জনতা। দলমত নির্বিশেষে রাজশাহীর সর্বস্তরের মানুষ এতে উচ্ছ্বাস প্রকাশ করেন।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘দীর্ঘদিন পর রাজশাহী থেকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়া গেছে। এটি রাজশাহীর জন্য বেশ আনন্দের। আমরা চাই, তার মাধ্যমে রাজশাহীতে দলের চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তা তিনি বাস্তবায়ন করবেন।’
মন্ত্রী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিজানুর রহমান মিনু বলেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্ব তো বটেই, রাজশাহীর জন্যও নিরলসভাবে কাজ করে যাব। আমি এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব।’
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মিনু ঘোষণা দিয়েছেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ‘গত ১৭ বছরে রাজশাহীকে পিছিয়ে দেয়া হয়েছে। আবারও সামনের দিকে এগিয়ে নিতে যা করার প্রয়োজন, সেটাই করা হবে।’
মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র নির্বাচিত হয়ে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন মিজানুর রহমান মিনু। ২০০১ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। ২০২৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো সংসদে যাচ্ছেন এবং প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান করে নিলেন। রাজশাহীতে বিএনপির রাজনীতিতে মিনুর অভিভাবকত্ব প্রায় আড়াই দশকের। যুবদল নেতা থাকাকালে মেয়র এবং পরবর্তীকালে দীর্ঘ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালনের পর সবশেষ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ পান তিনি।
উল্লেখ্য, ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে (তৎকালীন রাজশাহী-১ আসন) এমরান আলী সরকার জয়ী হন। তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ও আবদুস সাত্তারের মন্ত্রিসভায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।
-
বিবিধ2 years agoবাংলাদেশে প্রচলিত বাড়ি ভাড়ার চুক্তি, নিয়ম ও নীতিমালা
-
নির্বাচিত প্রতিবেদন2 years agoরিয়েল এস্টেট ব্যবসা করবেন যেভাবে
-
আইন-কানুন2 years agoরিয়েল এস্টেট ডেভেলপারের সাথে জমি বা ফ্ল্যাট নিয়ে সমস্যা ও তার প্রতিকার (১ম পর্ব)
-
আইন-কানুন6 months agoদলিলে লেখা এসব শব্দের অর্থ জেনে রাখুন, নাহলে পড়তে পারেন আইনি জটিলতায়
-
বিবিধ2 years agoফ্ল্যাট বা অফিস ভাড়ার চুক্তিপত্র নমুনা
-
আবাসন ক্যারিয়ার2 years agoসিরামিক ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে জানতে হবে যে বিষয়গুলো
-
আবাসন সংবাদ6 months agoসীমান্ত রিয়েল এস্টেট এর অনুমোদনহীন সীমান্ত সিটি ও সীমান্ত কান্ট্রি প্রকল্প
-
আবাসন সংবাদ1 year agoবন্ধ হচ্ছে অবৈধ আবাসন প্রকল্প
